ইরান এর সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি সামরিক বিমান ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
বুধবার (২০ মে) মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে যুক্তরাষ্ট্র এই ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে যুদ্ধবিমান, ড্রোন, নজরদারি বিমান, জ্বালানি সরবরাহকারী বিমান এবং উদ্ধারকারী হেলিকপ্টার।
সিআরএস জানায়, ক্ষতিগ্রস্ত বিমানের তালিকায় রয়েছে চারটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল, একটি এফ-৩৫এ লাইটনিং টু, একটি এ-১০ থান্ডারবোল্ট, সাতটি কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান এবং ২৪টি এমকিউ-৯ রিপার ড্রোন। এছাড়াও অন্যান্য সামরিক উড়োজাহাজও ক্ষতির মুখে পড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগন ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বিবৃতি এবং বিভিন্ন সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।