সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির খসড়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান এর মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় একাধিকবার বার্তা আদান-প্রদান হয়েছে। তেহরানের সর্বশেষ প্রস্তাবের জবাব হিসেবে পাঠানো ওয়াশিংটনের বার্তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে ইরান।
বৃহস্পতিবার (২১ মে) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম নূর নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এক বিবৃতিতে বলেন, ইরানের পক্ষ থেকে পাঠানো ১৪ দফা প্রস্তাবের ভিত্তিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একাধিক দফা মতবিনিময় হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের মতামত ও দৃষ্টিভঙ্গি ইরান পেয়েছে এবং সেগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।
এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে পাকিস্তান এর মধ্যস্থতায় তেহরানের সঙ্গে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।