ক্রিকেট দলে জায়গা না পাওয়ার হতাশায় আত্মহত্যা করেছেন ১৯ বছর বয়সী ভারতীয় তরুণী অ্যাঞ্জেল গাঙ্গওয়ানি। তার এই অকাল মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, পড়াশোনার পাশাপাশি বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন অ্যাঞ্জেল। সেই লক্ষ্যেই থিলাসপেট এলাকার একটি কোচিং সেন্টারে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। সম্প্রতি পুদুচেরি টি-টোয়েন্টি দলের ট্রায়ালে অংশ নিলেও চূড়ান্ত দলে জায়গা পাননি, যা তাকে মানসিকভাবে ভেঙে দেয়।
টাইমস অব ইন্ডিয়ার-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাত প্রায় ৮টার দিকে বাড়ি ফেরার পর তার কোচ ফোনে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু কোনো সাড়া মেলেনি। পরে কোচ বাড়িতে গিয়ে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তরুণ এই ক্রিকেটারের মৃত্যুকে ঘিরে ক্রীড়ামহলে গভীর শোক প্রকাশ করা হয়েছে।