ইরানের স্বার্থ রক্ষা হয় এমন কোনো স্থায়ী ও ন্যায়সংগত সমাধান ছাড়া অন্য কোনো চুক্তি গ্রহণযোগ্য হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বুধবার (৬ মে) রয়টার্স-এর প্রতিবেদনে জানানো হয়, চীনের রাজধানী বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে তিনি এ অবস্থান তুলে ধরেন।
আব্বাস আরাঘচি বলেন, ইরান কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি “ন্যায্য ও পূর্ণাঙ্গ” চুক্তিকে সমর্থন করবে, এর বাইরে কোনো সমঝোতা গ্রহণযোগ্য নয়। তিনি চীনকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে বেইজিংয়ের সহযোগিতা ও সমর্থনের জন্য ইরান কৃতজ্ঞ।
তিনি আরও আশা প্রকাশ করেন, চীন ও ইরানের মধ্যে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।
বৈঠকে চীন যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানায়। পাশাপাশি হরমুজ অঞ্চলে আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপরও গুরুত্বারোপ করে দেশটি।