পটুয়াখালীর দশমিনা উপজেলায় ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (০৪ মে) রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের নবাবকাচারি ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বহরমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বগুড়া গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে মোঃ নিরব (২০) এবং একই ইউনিয়নের মোঃ সবুজ মৃধার ছেলে মোঃ রুবেল মৃধা (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ ও নাজমুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার রাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে তল্লাশিতে তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২০ হাজার টাকা জব্দ করা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নিরব ও রুবেল নামের দুইজনকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার রাত ১১টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।