বাংলাদেশের সাধারণ পাসপোর্টে আবারও যুক্ত করা হচ্ছে ‘এক্সেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ব্যতীত) শর্ত। পাশাপাশি পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ (ওয়াটারমার্ক) পরিবর্তন করে সেখানে নতুন নকশা সংযোজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, নতুন ডিজাইনে প্রায় এক ডজন ওয়াটারমার্ক যুক্ত করা হবে। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ-এর ছবি এবং বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা ও নিদর্শনের চিত্র থাকবে।
সূত্রগুলো আরও জানায়, বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং স্বাধীনতার পর থেকেই দেশটির পাসপোর্টে ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ থাকার শর্ত উল্লেখ করা হতো। ওই ঐতিহ্যবাহী নীতির ধারাবাহিকতায় আবারও তা পুনর্বহাল করা হচ্ছে।
নতুন এই পরিবর্তনের মাধ্যমে পাসপোর্টের নিরাপত্তা বৈশিষ্ট্য ও নকশা আরও আধুনিক ও প্রতীকীভাবে সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।