চার বছর পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম কে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে তাদের অভিনীত নতুন অ্যাকশনধর্মী সিনেমা মালিক।
সম্প্রতি সিনেমাটির আইটেম গান ‘গুলগুলি পিঠা’র দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। এ গানে আরিফিন শুভর সঙ্গে অংশ নিয়েছেন প্রায় দুই শতাধিক দক্ষ নৃত্যশিল্পী।
গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম ও প্রতীক হাসান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আদিত রহমান এবং কথা লিখেছেন লুৎফর হাসান।
জানা গেছে, সিনেমাটির জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করেছেন বিদ্যা সিনহা মিম। চরিত্রের প্রয়োজনে টানা দেড় মাস মার্শাল আর্ট ও বডি ল্যাঙ্গুয়েজের প্রশিক্ষণ নিয়েছেন তিনি।
এদিকে আরিফিন শুভ সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘মালিক’ সিনেমায় তার নতুন লুকের ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “মালিক তো একজনই।” এরপর থেকেই সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েছে।
সম্প্রতি সিনেমাটির নির্মাতা সাইফ চন্দন এক গণমাধ্যমকে জানান, সিনেমার শুটিং ও ডাবিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।