দীর্ঘ বিরতির পর আবারও পুলিশের চরিত্রে ফিরছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। তিন বছর ধরে প্রস্তুতির পর তার আসন্ন ক্রাইম ড্রামা কর্তব্য মুক্তির অপেক্ষায় রয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ১৫ মে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।
ছবির কেন্দ্রীয় চরিত্রে সাইফ আলি খান একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি দায়িত্ব ও পরিবারের নিরাপত্তার টানাপোড়েনে জড়িয়ে পড়েন। গল্পটি মূলত আইন রক্ষা ও সত্যের অনুসন্ধানে একজন কর্মকর্তার সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত।
দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে দেখানো হয়েছে, পেশাগত দায়িত্ব পালনে একজন মানুষকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়।
শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন পুলকিত।
ছবিতে সাইফ আলি খানের বিপরীতে অভিনয় করেছেন রসিকা দুগ্গাল। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় মিশ্র, জাকির হোসেন ও মনীশ চৌধুরী।