বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব-এর ৭৯তম আসরের শর্ট ফিল্ম বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নুড়ি।
কক্সবাজার সমুদ্র সৈকতকে কেন্দ্র করে নির্মিত ১৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি মূলত ১১ বছর বয়সী এক কিশোরীর গল্প তুলে ধরে। কাহিনিতে দেখা যায়, এক সদ্যজাত ঘোড়ার বাচ্চার সঙ্গে অপ্রত্যাশিত সম্পর্কের মাধ্যমে সে সাহস ও বেঁচে থাকার নতুন প্রেরণা খুঁজে পায়। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছে কক্সবাজারের স্থানীয় এক কিশোরী।
সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন মিথুন জামান, এবং প্রযোজনা করেছেন হাসিব জুবেরী শিহান। বর্তমানে তারা উৎসবে অংশ নিতে ফ্রান্সের কান শহরে অবস্থান করছেন।
চলচ্চিত্রটির সহ-প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন বাশার জর্জিস ও হিমেশ কর। চিত্রগ্রহণ করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান, শব্দ পরিকল্পনায় ছিলেন শৈব তালুকদার ও জাওয়াদ পারভেজ। সংগীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন। সম্পাদনার দায়িত্বে ছিলেন সামীর আহমেদ ও শিহান জুবেরি।