প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, দেশের স্থানীয় সরকার নির্বাচনে অতীতে সহিংসতার ঘটনা ঘটে এসেছে। এসব রক্তপাত বন্ধে সব পক্ষের সহযোগিতা নিয়ে কাজ করবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন ইসির জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে সংঘাত ও প্রাণহানি বন্ধ করে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনই কমিশনের মূল লক্ষ্য। এ জন্য রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ঐতিহাসিকভাবে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার হার বেশি। বিভিন্ন সময় প্রাণহানির পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন। গণমাধ্যম ও বিভিন্ন সংস্থার তথ্য তুলে ধরে তিনি জানান, ২০১৬ সালের নির্বাচনে ২৩৬ জন এবং ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১৬ জন নিহত হন।
সিইসি উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচনের আওতায় হাজার হাজার ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভা রয়েছে। এসব নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা একটি বিশাল দায়িত্ব, যা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, সরকার নির্বাচন আয়োজনের একটি গুরুত্বপূর্ণ অংশীজন। পুলিশ, প্রশাসনসহ বিভিন্ন সংস্থার সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। বর্তমান ও ভবিষ্যৎ সরকারের কাছ থেকেও ইসি সহযোগিতা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সিইসি আরও জানান, নির্বাচন কমিশন কারও পক্ষেও নয়, বিপক্ষেও নয়—তাদের লক্ষ্য ভোটারদের নিরাপদ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা। পাশাপাশি ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থাকে আরও উন্নত করতে অভিজ্ঞতা সংরক্ষণ ও সংস্কারের কাজ চলছে বলেও তিনি জানান।