রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে সাধারণ মানুষসহ সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।
সম্প্রতি এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ছোটপর্দার অভিনেত্রী প্রিয়ন্তি উর্বী। ফেসবুক পোস্টে তিনি লিখেন, কিছু ঘটনা মানুষ ভুলে যায় না, শুধু চুপ করে বাঁচতে শেখে। তিনি জানান, ব্যক্তিগত অভিজ্ঞতার কারণে শিশু নির্যাতন বা ধর্ষণের খবর তাকে গভীরভাবে নাড়া দেয় এবং ভেতর থেকে ভেঙে পড়ার মতো অনুভূতি তৈরি করে।
অভিনেত্রী আরও লেখেন, শৈশবে তিনি নিজেও অনাকাঙ্ক্ষিত ও অস্বস্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন, যা তখন বুঝতে না পারলেও পরবর্তীতে তার মধ্যে ভয় ও অস্বস্তির স্মৃতি তৈরি করেছে।
তিনি বলেন, চার–পাঁচ বছরের একটি শিশুর মনে এমন অভিজ্ঞতা দীর্ঘদিন ধরে ভয়, অস্বস্তি ও মানসিক চাপ তৈরি করে। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান তিনি।
সবশেষে প্রিয়ন্তি উর্বী মন্তব্য করেন, মানুষের কর্মের ফল একদিন না একদিন এ পৃথিবীতেই ফিরে আসে, এবং আল্লাহ সব দেখেন।