আন্তর্জাতিক নেটওয়ার্ক থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইরান। বৈশ্বিক ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস জানিয়েছে, শনিবার (২ মে) পর্যন্ত দেশটিতে টানা প্রায় ৬৫ দিন ধরে এই ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে।
আল জাজিরা-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের এই ইন্টারনেট অচলাবস্থার কারণে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে অনলাইননির্ভর ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের আয়-রোজগারে বড় ধরনের ধস নেমেছে, যার ফলে দেশজুড়ে অর্থনৈতিক চাপ বাড়ছে।
জানা গেছে, চলতি বছরের জানুয়ারির শুরুতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হলে ইন্টারনেট ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। পরবর্তীতে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর এই ব্ল্যাকআউট আরও জোরদার করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে ইন্টারনেট বিচ্ছিন্নতা অব্যাহত থাকলে তা দেশটির ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান এবং সামগ্রিক জনজীবনে আরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।