হাস্যরসাত্মক অভিনয় ও সাবলীল সংলাপের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নেওয়া অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
সিনেমাটির পরিচালক মো. ইকবাল অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহেল খানের মৃত্যুতে আপাতত সিনেমাটির শুটিং স্থগিত রাখা হয়েছে। তার মরদেহ ঢাকার ধামরাইয়ের রাজাপুরে গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। সেখানেই জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
হাসপাতালের মৃত্যুসনদে তার মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক অ্যারেস্ট উল্লেখ করা হয়েছে। গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। মঙ্গলবার সকালে শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার পর হোটেল কক্ষে তাকে নিথর অবস্থায় পাওয়া যায়।
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে ‘৪২০’ ধারাবাহিকে ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেন। পাশাপাশি ‘দারুচিনি দ্বীপ’, ‘প্রজাপতি’, ‘দেশা: দ্য লিডার’, ‘শান’ ও ‘জংলি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
তার আকস্মিক মৃত্যুতে দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।