আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে শেখ হাসিনার সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশের আদালতে দণ্ডিত হওয়ার পর দেশে ফিরতে চাইলে শেখ হাসিনার উচিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে আত্মসমর্পণ করা এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার সঙ্গে ইমিগ্রেশন কর্মকর্তাদের দীর্ঘ বৈঠকের পেছনে কোনো রাজনৈতিক ইন্ধন ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি আরও দাবি করেন, দেশের বাইরে থেকে অর্থ পাঠিয়ে কিশোর গ্যাং ও দুর্বৃত্তদের নাশকতায় উসকানি দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সহিংসতায় বিএনপির তিন নেতাকর্মী নিহত হওয়ার জন্যও পলাতক আওয়ামী লীগ নেতাদের দায়ী করেন তিনি।
তিনি বলেন, জনগণের ওপর সহিংসতা চালানো কোনো রাজনৈতিক শক্তি জনগণের বন্ধু হতে পারে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো আঘাতের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।