ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে আগামী পাঁচ বছরে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। একই সময়ে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এসএমই খাতের বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার। তরুণদের শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যে শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে এবারের মেলা। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। পাশাপাশি ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, এসএমই খাতের উন্নয়নে নতুন নীতিমালা বাস্তবায়ন, ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া সিঙ্গাপুর ও লন্ডনের বাণিজ্য মেলায় দেশীয় উদ্যোক্তাদের অংশগ্রহণের পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার প্রদান করা হয়।