টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের খবর ছড়িয়ে পড়তেই নতুন করে আলোচনায় এসেছে তাঁর ব্যক্তিগত জীবন। বিশেষ করে নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে একসময়ের প্রেমের সম্পর্ক নিয়ে কৌতূহল বেড়েছে অনুরাগীদের মধ্যে।
রাজ ও মিমির সম্পর্ক ছিল প্রায় চার বছরের। ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। একসময় বিয়ের পরিকল্পনাও করেছিলেন তাঁরা। বিচ্ছেদের পর ওই বছরের নভেম্বরে এক সাক্ষাৎকারে মিমি স্বীকার করেছিলেন, রাজের সঙ্গে বিয়ে নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছিল। পাশাপাশি পুরোনো সম্পর্কের প্রতি সম্মানও প্রকাশ করেছিলেন তিনি।
পরবর্তীতে রাজ চক্রবর্তী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়ালে তাঁদের দুজনের জন্যই শুভকামনা জানিয়েছিলেন মিমি। অতীতের সম্পর্ক নিয়ে বিতর্কে না জড়িয়ে নিজের কাজেই মন দেন অভিনেত্রী।
২০২০ সালে ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছিলেন মিমি। তাঁর মতে, জীবনে বিয়ে করতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। অভিনেত্রীর কথায়, বিয়ে তাঁর জীবনে নতুন করে কী যোগ করবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সে সময় বিয়ের কোনও পরিকল্পনা নেই বলেও স্পষ্ট জানিয়েছিলেন তিনি।