শেখ হাসিনা জীবিত থাকা পর্যন্ত দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা অব্যাহত থাকতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে সরকারের পক্ষ থেকে এ ধরনের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা শুধু ডিসেম্বর পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। পরবর্তী সময়েও এ ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে। শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে আবারও দেশে ফেরার চেষ্টা চালিয়ে যাবেন বলে সরকার মনে করে।
এদিকে পোশাকশ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। তিনি শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে দাবি জানানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, সাধারণত পাঁচ বছর পরপর পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করা হয়। সে অনুযায়ী ২০২৬ সালে নতুন মজুরি বোর্ড গঠনের কথা না থাকলেও শ্রমিকদের পরিস্থিতি বিবেচনায় সরকার আগাম উদ্যোগ নিয়েছে।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাম্প্রতিক কিছু ঘটনার সঙ্গে সীমান্তের ওপারের সংশ্লিষ্টতার কথা বলেছেন। তথ্য উপদেষ্টার ধারণা, রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সক্ষমতা না থাকলেও আওয়ামী লীগের কাছে থাকা বিপুল অর্থ ব্যবহার করে বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির চেষ্টা হতে পারে।