ব্রেন টিউমার ও দীর্ঘ চিকিৎসার কারণে প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ‘অংশীদার’ নামের একটি নতুন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ক্যামেরার সামনে ফিরেছেন তিনি।
ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। তানিয়া বৃষ্টির প্রত্যাবর্তন উপলক্ষে শুটিংয়ের কিছু ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্বাগত জানিয়েছেন নির্মাতা।
নাটকটিতে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আর সি অরণ্য, আশরাফুল আশীষ ও পংকজ মজুমদারসহ আরও অনেকে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে পড়লে পরীক্ষায় তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ঢাকায় অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে গিয়ে আরও একটি অস্ত্রোপচার করাতে হয় তাকে। দীর্ঘ চিকিৎসা শেষে কাজে ফেরায় তার ভক্তদের মধ্যেও স্বস্তি দেখা দিয়েছে।