মার্কিন রাজনীতিতে নতুন চমক দেখিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী পিয়া ডান্ডিয়া। ফ্লোরিডার ২২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত রিপাবলিকান প্রার্থী কেসি আসকারকে পরাজিত করে জয়ী হয়েছেন ৩৯ বছর বয়সী পিয়া। তিনি পেয়েছেন ৫১ দশমিক ৯ শতাংশ ভোট।
এই জয়ের মাধ্যমে মার্কিন প্রতিনিধি পরিষদে নির্বাচিত দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত নারী হিসেবে ইতিহাস গড়লেন তিনি। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন প্রমিলা জয়াপাল।
ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে জন্ম নেওয়া পিয়ার বাবা-মা ভারতের জয়পুর থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের পাশাপাশি তিনি ভারতে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানেও যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা, শিক্ষা প্রশাসন এবং সরকারি নীতিনির্ধারণী পর্যায়েও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, দুর্নীতি ও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের বিষয়গুলোকে প্রাধান্য দেন পিয়া। বিপুল অর্থ ব্যয় করে পরিচালিত প্রচারণায় রিপাবলিকান প্রার্থী ও ট্রাম্প-সমর্থকদের শক্ত অবস্থানের বিপরীতে তাঁর এই জয়কে ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
বর্তমানে স্বামী ও সন্তানকে নিয়ে ফ্লোরিডার পাম বিচ গার্ডেন্সে বসবাস করছেন পিয়া ডান্ডিয়া।