বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ ভারতের অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের দিকে এটি উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলাদেশে না পড়লেও এর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ পূর্বাভাসে জানানো হয়, আগামী ৪৮ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার, কোথাও কোথাও ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা হাওয়ায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।