তারকা জুটি প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবরে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। প্রায় এক দশকের সম্পর্ক ও চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার কথা রোববার (৪ অক্টোবর) রাতে যৌথ বিবৃতিতে জানান তারা।
বিচ্ছেদের খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাদের পুরোনো ছবি ও একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের স্মৃতি তুলে ধরছেন। তবে দুজনের সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আর একসঙ্গে তোলা ছবিগুলোও দেখা যাচ্ছে না।
২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে শেহতাজ মডেল হিসেবে কাজ করেন। সেখান থেকেই তাদের পরিচয় ও প্রেমের শুরু। এক পুরোনো সাক্ষাৎকারে প্রীতম জানিয়েছিলেন, শেহতাজের সরলতা তাকে আকৃষ্ট করেছিল। এমনকি প্রচলিত প্রেমের প্রস্তাব না দিয়ে সরাসরি বিয়ের ইচ্ছার কথা জানিয়েছিলেন শেহতাজকে এবং পরে তার মায়ের সঙ্গেও কথা বলেছিলেন।
দীর্ঘদিন প্রেমের পর ২০২২ সালের অক্টোবরে দুই পরিবারের সম্মতিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে বিয়ে করেন তারা। প্রায় ১০ বছরের সেই সম্পর্ক এবার বিচ্ছেদের মধ্য দিয়ে শেষ হলো।