শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আলোচনা করবে সরকার। তবে তিনি বাংলাদেশ বিমানে, অন্য কোনো বিমানে নাকি হেঁটে দেশে ফিরবেন, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সরাসরি তাঁর সঙ্গে আলোচনার সুযোগ নেই। এ বিষয়ে ভারতের সঙ্গেই আলোচনা করবে বাংলাদেশ সরকার।
তথ্য উপদেষ্টা জানান, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। কী প্রক্রিয়ায় তাঁকে হস্তান্তর করা হবে এবং কোন মাধ্যমে তিনি দেশে ফিরবেন, তা ভারতের সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা হবে।
এদিকে, ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বাড়তি সতর্কতা ও অতিরিক্ত সদস্য মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত সুরক্ষা বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বর ঘিরে নানা আলোচনা থাকায় এবার বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।