ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এখন প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য আইন অনুযায়ী ৩০ দিন সময় নির্ধারিত রয়েছে। এ সময়সীমা পার হয়ে গেলে আপিলের মেয়াদ বাড়ানোর কোনো আইনি সুযোগ নেই। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনে সময় মওকুফের বিধান রাখা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, তদন্ত সংস্থা ও প্রসিকিউশন স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে। এ বিষয়ে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।
এ ছাড়া সাক্ষী সুরক্ষার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি সরকার পর্যালোচনা করছে।