কক্সবাজারের মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি সমস্যার কারণে পুনঃগ্যাসীকৃত এলএনজি (আরএলএনজি) সরবরাহ কমে গেছে। এতে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকরা গ্যাস সংকটে পড়েছেন।
রোববার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, এলএনজি সরবরাহ কমে জাতীয় গ্রিডে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। এর প্রভাবে বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে স্বাভাবিক সরবরাহ ব্যাহত হতে পারে।
তিতাস জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিল্পকারখানা, সিএনজি স্টেশন, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকদের সাময়িক সমস্যায় পড়তে হতে পারে। বিশেষ করে ব্যস্ত সময়ে (পিক আওয়ার) গ্যাসের চাপ আরও কমার আশঙ্কা রয়েছে।
কারিগরি ত্রুটি দ্রুত সমাধান করে এলএনজি সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে বলে জানিয়েছে তিতাস। সরবরাহ বাড়লে ধীরে ধীরে গ্যাসের চাপ স্বাভাবিক হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।