প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
সোমবার জাপানের স্থানীয় সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে তারো আসোর দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন। এ সময় ২০০৬ সালে জাপান সফরে তারো আসোর সঙ্গে সাক্ষাতের স্মৃতিও তুলে ধরেন তিনি।
তারো আসো বলেন, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি করেছে এবং জাপানি কোম্পানিগুলো এ দেশে বিনিয়োগে আগ্রহী। জবাবে প্রধানমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি ও প্রয়োজনীয় আইনি সংস্কারে কাজ করছে সরকার।
বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির প্রেক্ষাপটে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে জাপানের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাপানের সাবেক মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা, মন্ত্রী তাতসুনোরি ইবায়াশি ও দেশটির সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।