দেশে হাম পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ২ জন। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৩৯০ জনের।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ২ জন এবং নিশ্চিত হামে ২ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম ও সিলেটে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ২৯৩ জনে পৌঁছেছে। এদের মধ্যে ২২ হাজার ২০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
এদিকে, একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৬৭৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ১ লাখ ৭০ হাজার ৪৭৩ জন।