দেশে আবারও বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা থাকায় আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর দুর্বল অবস্থায় রয়েছে। আগামী ৫৮ ঘণ্টার মধ্যে এর প্রভাবও বাংলাদেশ থেকে সরে যেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার দেশের কয়েকটি অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির বিস্তৃতি বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণও।
শুক্রবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে। শনিবার আট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।