উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া নাহিদা সুলতানা বৃষ্টি ফিরলেন নিথর দেহ হয়ে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার এই পিএইচডি শিক্ষার্থীর মরদেহ শনিবার (৯ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকায় আসে। পরে সকাল সাড়ে ১০টার দিকে বিশেষায়িত সরকারি অ্যাম্বুলেন্সে তার মরদেহ মাদারীপুরের গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
বিমানবন্দরে বৃষ্টির বাবা-মা, ভাই, মামা, নানা ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। কফিন গ্রহণের সময় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। বিশেষ করে মেয়ের মরদেহ দেখে মায়ের আহাজারিতে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। শেষবারের মতো প্রিয়জনকে ছুঁয়ে বিদায় জানান পরিবারের সদস্যরা।
এ সময় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতে বাংলাদেশ সরকার কাজ করছে। একই সঙ্গে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুরে বাদ আসর বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হবে। পরে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হবে।