ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরশুরাম উপজেলার খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পের ফলক উন্মোচন করেন তিনি। পরে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী।
প্রকল্পের আওতায় প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো সংস্কার এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে।
এদিকে সফরের অংশ হিসেবে ফুলগাজীতে সরকারি ভবনে স্থাপিত ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন।
ফুলগাজীতে ৫১০ জন ফ্যামিলি কার্ড এবং পুরো ফেনী জেলায় ৭ হাজার ৬৪৩ জন কৃষক কার্ড পাবেন। এছাড়া ফুলগাজীর ২৩৮ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতকে সম্মানী দেওয়া হবে। সফর শেষে বিকেলে জনসভায় বক্তব্য দিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।