রাজনৈতিক পরিচয়ের কারণে বিসিএসসহ কোনো সরকারি নিয়োগ বা পরীক্ষায় বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। তবে সরকারি বিধি অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন একটি নিয়মিত প্রক্রিয়া এবং গুরুতর অপরাধের অভিযোগ বা আদালতে দণ্ডিত হওয়ার মতো বিষয় থাকলে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিসিএসের প্রজ্ঞাপনে নাম থাকার পরও ভেরিফিকেশনের কারণে কয়েকজনের চূড়ান্ত তালিকায় নাম না আসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিয়োগ প্রক্রিয়া এখনো শেষ হয়নি। যাদের বিষয়ে যাচাই চলছে, তাদের ধৈর্য ধরতে হবে। গুরুতর অভিযোগের কারণে কারও নিয়োগ আটকে থাকলে পরবর্তী সময়ে মন্ত্রণালয়ে আবেদন করার সুযোগও রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের উত্তেজিত না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না।
মন্ত্রী জানান, বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন জারির জন্য আগামী সোমবার নির্ধারিত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত শেষ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। ছুটির দিনেও কর্মকর্তারা এ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।