দুই বছরের বেশি সময় পর আগামী ১২ আগস্ট আকাশে দেখা যাবে বিরল পূর্ণ সূর্যগ্রহণ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এদিন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে অবস্থান নেওয়ায় বিশ্বের কয়েকটি অঞ্চলে সূর্য সম্পূর্ণ আড়াল হয়ে যাবে এবং দিনের বেলাতেও অন্ধকার নেমে আসবে।
নাসার তথ্য অনুযায়ী, গ্রহণের পূর্ণ ছায়াপথ আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল ও স্পেনের উত্তরাঞ্চল অতিক্রম করবে। এসব স্থানে ২০ সেকেন্ড থেকে দুই মিনিটেরও বেশি সময় ধরে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। এছাড়া ইউরোপ, আফ্রিকা ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকায় আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে।
উল্লেখ্য, সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ হয়েছিল ৮ এপ্রিল ২০২৪, যা উত্তর ও মধ্য আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে দেখা গিয়েছিল। আর স্পেনের মূল ভূখণ্ডে ১২০ বছরেরও বেশি সময় পর আবারও এই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ মিলছে।