জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এর আগে ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই এলাকার সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ায় ঘটনার পর ফেরদৌসী আহমেদের ভূমিকা নিয়ে আলোচনা শুরু হয়। হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেন তিনি।
এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও ওঠে। পাশাপাশি, ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ ফেরদৌসী আহমেদের বিরুদ্ধে ওঠা পুরোনো অভিযোগগুলোও নতুন করে আলোচনায় আসে।