শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ায় অনেক পরীক্ষার্থী চরম ভোগান্তিতে পড়ছে। তাই পরীক্ষা স্থগিত করে নতুন সূচি প্রকাশ এবং তাদের ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা।
শিক্ষার্থীরা জানান, উত্তরা ছাড়াও শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজারে অবস্থান নিয়ে পরে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লং মার্চ করবেন। এদিকে আন্দোলন ঘিরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নীলক্ষেতে বিজিবি এবং সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।