ঈদুল আজহার পর দেশের বিদ্যুৎ গ্রাহকদের জন্য বাড়তে পারে ব্যয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শিগগিরই বিদ্যুতের নতুন খুচরা মূল্য ঘোষণা করতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গড়ে প্রায় ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে এবং জুন মাস থেকেই নতুন ট্যারিফ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে নিম্ন আয়ের গ্রাহকদের জন্য স্বস্তির খবর হলো, ‘লাইফ লাইন’ ক্যাটাগরির আওতায় থাকা শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে আপাতত কোনো পরিবর্তন আনা হচ্ছে না।
জানা গেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে করা চুক্তির শর্ত পূরণের অংশ হিসেবে এই মূল্য সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গঠিত সরকারি কমিটি প্রতি ইউনিটে ১ থেকে ১.৫০ টাকা পর্যন্ত মূল্য বৃদ্ধির সুপারিশ করেছে।
এপ্রিল মাসে অনুষ্ঠিত গণশুনানিতে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়। পরে বিইআরসির কারিগরি কমিটি গড়ে ১ টাকা ২৫ পয়সা বৃদ্ধি করার সুপারিশ করে।
বিইআরসি সূত্র জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্তে ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য তুলনামূলক কম হারে মূল্য বৃদ্ধি করা হতে পারে। অন্যদিকে বেশি বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ওপর বাড়তি মূল্যবৃদ্ধির চাপ বেশি পড়বে। ৬০০ ইউনিটের বেশি ব্যবহারকারীদের জন্য সর্বোচ্চ হারে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।