ব্যাংক হলিডে উপলক্ষে আজ বুধবার দেশের সব তফসিলি ব্যাংকের গ্রাহকসেবা বন্ধ রয়েছে। একই কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ কোনো ধরনের শেয়ার লেনদেন হচ্ছে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতি বছরের ১ জুলাই অর্ধবার্ষিক আর্থিক হিসাব প্রস্তুতের জন্য ব্যাংক হলিডে পালন করা হয়। এদিন ব্যাংকগুলো গ্রাহকসেবা বন্ধ রেখে অভ্যন্তরীণ হিসাব-নিকাশ ও আর্থিক প্রতিবেদন তৈরির কাজ সম্পন্ন করে।
ফলে আজ কোনো ব্যাংক শাখায় টাকা জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট কিংবা পে-অর্ডারের মতো সেবা পাওয়া যাবে না। তবে এটিএম বুথ, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিংসহ বেশ কিছু ডিজিটাল সেবা স্বাভাবিক থাকবে।
এদিকে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় শেয়ারবাজারের ক্লিয়ারিং ও সেটেলমেন্ট প্রক্রিয়া পরিচালনা সম্ভব নয়। তাই ডিএসই ও সিএসইতে আজ সব ধরনের লেনদেন স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, দেশে প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর—এই দুই দিন ব্যাংক হলিডে পালন করা হয়। এ সময় ব্যাংকগুলো তাদের অভ্যন্তরীণ আর্থিক হিসাবের সমন্বয় ও সমাপনী কার্যক্রম সম্পন্ন করে।