কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রিতমকে আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অপ্রিতমের পরিচিত কয়েকজন তরুণ কৌশলে তাকে জঙ্গলে নিয়ে যায়। সেখানে আইফোন নিতে বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছে।
এ ঘটনায় তুহিন, ফাহাদ, কামরুল ও সিয়াম নামে চারজনকে আটক করা হয়েছে। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে তুহিনকে শনাক্ত করা হয়। পুলিশের দাবি, অপ্রিতমকে বাসা থেকে ডেকে ঘটনাস্থলে নেওয়ার ক্ষেত্রে তুহিন ভূমিকা রাখে এবং তার কাছ থেকেই নিহতের আইফোনটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।