চট্টগ্রামের বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আসামি মুনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বুধবার (১৭ জুন) মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন। মাত্র ৮ কার্যদিবসে মামলার বিচার সম্পন্ন হয়।
মামলার নথি অনুযায়ী, ৪ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। পরে দ্রুত বিচার প্রক্রিয়ায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
এর আগে, গত ২১ মে বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ওই ঘটনায় অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর নিয়ে স্থানীয় জনতা আপত্তি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে ১৮ জন পুলিশ সদস্যসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হন। ঘটনাটি তখন দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।