অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষের স্বার্থ বিবেচনায় রেখে নতুন বাজেট প্রণয়ন করা হচ্ছে। অর্থনীতির সুফল যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, অতীতের অনিয়ম ও দুর্বল অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে সরকার সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে পুনরুদ্ধারমূলক পদক্ষেপ নিচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগ ও উৎপাদনভিত্তিক অর্থনীতি গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে পরিচালন ব্যয় নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদনশীল খাত সম্প্রসারণের মাধ্যমে অর্থনীতিকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, দীর্ঘমেয়াদে একটি টেকসই অর্থনৈতিক ভিত্তি তৈরি এবং ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এগিয়ে যেতে সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্ব দিচ্ছে। বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও নতুন বাজেট দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন তিনি।