দেশের অর্থনীতি বর্তমানে সংকোচন বা ঋণাত্মক অবস্থায় রয়েছে এবং এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৬ মে) চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৮ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিগত সরকারগুলো জ্বালানি খাতে প্রায় ৫০ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে, যা পরিশোধে বর্তমান সরকারকে বড় ধরনের চাপের মুখে পড়তে হচ্ছে।
জ্বালানি সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার প্রভাব দেশের অর্থনীতিতে পড়েছে উল্লেখ করে তিনি জানান, আগামী অর্থবছরে শুধু জ্বালানি খাতেই অতিরিক্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয় করতে হবে।
আমীর খসরু আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক সংকটের কারণে সৃষ্ট চাপ সামলাতেই সরকারকে শুরু থেকেই কাজ করতে হচ্ছে।
তবে তিনি আশ্বস্ত করে জানান, আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হবে, যাতে দরিদ্র মানুষ সহজে ও বিনামূল্যে চিকিৎসাসেবা পেতে পারে।