অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পূর্ববর্তী সরকারের নেওয়া ঋণের ভার নিয়েই বর্তমান সরকারকে কাজ করতে হচ্ছে। এ কারণে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পুরোপুরি আদর্শ বা ‘পারফেক্ট’ নয় বলে মন্তব্য করেন তিনি। তবে অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে আরও অন্তত দুই বছর সময় লাগতে পারে বলে জানান তিনি।
রোববার (২১ জুন) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট সংলাপে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, সীমিত আয়ের হলেও ধীরে ধীরে করের আওতা বাড়াতে হবে, তবে এতে জনগণের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। একই সঙ্গে তিনি জানান, বিগত সরকারের সময়ে প্রায় ১ হাজার ৩০০ প্রকল্প গ্রহণ করা হয়েছিল, যার অনেকগুলোই পর্যালোচনার পর বাতিল করা হয়েছে। কিছু প্রকল্প ৬০ থেকে ৮০ শতাংশ সম্পন্ন হলেও সেগুলো কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলেও তিনি উল্লেখ করেন।
অর্থমন্ত্রী আরও বলেন, স্থানীয় ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে বেসরকারি খাত টিকে থাকতে পারছে না, যা সরকারের জন্যও চাপ সৃষ্টি করছে। এ পরিস্থিতি থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
ফ্যামিলি কার্ড সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, এ কর্মসূচিতে রাজনৈতিক বিবেচনায় কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। তিনি বলেন, “রাজনীতির সঙ্গে সম্পৃক্তরা সুবিধা পাবে—এমন ধারণা থাকলেও আমরা সেই নীতিতে কাজ করিনি।”