অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা এখনো মূলধারার অর্থনীতির বাইরে রয়েছে, তাদের অন্তর্ভুক্ত করাই সরকারের লক্ষ্য। নাগরিক হিসেবে এটি সবার অধিকার উল্লেখ করে তিনি বলেন, শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ লক্ষ্যেই অর্থনীতির গণতন্ত্রীকরণের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
রোববার (১০ মে) রাজধানীর আগারগাঁওয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প ‘রেইজ’-এর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হয়। সেই মানদণ্ড পূরণ না করলে কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হবে না। পিকেএসএফের কার্যক্রমের প্রশংসা করে তিনি জানান, প্রতিষ্ঠানটির কাজ আরও বিস্তৃত করতে কী ধরনের সহায়তা প্রয়োজন, তা সরকার বিবেচনা করছে।
দেশের স্বাস্থ্যসেবা ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, আফগানিস্তানের তুলনায় বাংলাদেশে স্বাস্থ্যসেবার খরচ বেশি, যা দুঃখজনক। এ পরিস্থিতি পরিবর্তনে আগামী বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হবে এবং এসব সেবা সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হবে।