ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রডবোঝাই ট্রাকটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে এখন পর্যন্ত ৬ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন নওগাঁর মান্দা উপজেলার সাগর মিয়া ও রবিউল ইসলাম, রাজশাহীর আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন, চাঁপাইনবাবগঞ্জের নজরুল ও মামুন এবং নওগাঁর সাইদুলের ছেলে সারিকুল।
ঘটনার পর মরদেহগুলো টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা এক যাত্রী জানান, তারা চট্টগ্রাম থেকে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। ভোরের দিকে হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, এতে মুহূর্তেই অনেকের মৃত্যু হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।