ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক আলোচনায় পারস্পরিক আস্থার অভাবই মূল বাধা বলে মন্তব্য করেছেন আব্বাস আরাগচি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (১৫ মে) নয়াদিল্লিতে ব্রিকসভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আব্বাস আরাগচি বলেন, একটি স্থায়ী শান্তিচুক্তিতে পৌঁছাতে হলে দুই পক্ষের মধ্যেই আস্থা থাকা জরুরি, কিন্তু ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই সেই ঘাটতির মধ্য দিয়ে যাচ্ছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রকে বিশ্বাস না করার যথেষ্ট কারণ রয়েছে ইরানের, অন্যদিকে ইরানের ওপর আস্থা রাখার যুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রেরও।
তিনি আরও দাবি করেন, সামরিক চাপ ও সংঘাতের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েই যুক্তরাষ্ট্র এখন আলোচনার পথে এগোচ্ছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটি কখনোই হুমকি বা চাপের মুখে নতি স্বীকার করেনি এবং কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও প্রতিরোধ গড়ে তুলেছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও মন্তব্য করেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ভারতের আরও বড় ভূমিকা রাখা সম্ভব।