আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দ্বিতীয় শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (১৬ মে) এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর যৌথ অভিযানে এই সফলতা অর্জিত হয়েছে। তার দাবি অনুযায়ী, অত্যন্ত নিখুঁত ও পরিকল্পিত এই অভিযানের মূল লক্ষ্য ছিল আইএসের এক শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকিকে নিষ্ক্রিয় করা।
তিনি আরও বলেন, আল-মিনুকি আফ্রিকায় আত্মগোপনে থেকে নিরাপদে থাকার চেষ্টা করছিলেন, তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই অভিযানের পর আফ্রিকায় সন্ত্রাসী হামলার আশঙ্কা কমবে এবং যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে হামলার পরিকল্পনাকারীদের জন্য আর নিরাপদ আশ্রয় থাকবে না।
এ অভিযানে সহযোগিতার জন্য নাইজেরিয়া সরকারকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ২০২৩ সালে আবু-বিলাল আল-মিনুকিকে আইএস সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে এবং তাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করে।