দীর্ঘ চার বছর পর আবারও শুরু হতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসছে এই আসর।
বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা স্টেডিয়ামে কিংবা টেলিভিশনের সামনে বসে প্রিয় দলের খেলা উপভোগ করলেও এবার বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এখন পর্যন্ত বাংলাদেশে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কেনার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠান ভ্যাট ও ট্যাক্সসহ প্রায় ২০০ কোটি টাকায় সম্প্রচার স্বত্ব বিক্রির প্রস্তাব দিয়েছে। তবে এই উচ্চমূল্যের কারণে দেশীয় কোনো সম্প্রচার প্রতিষ্ঠান এখনো চুক্তিতে পৌঁছাতে পারেনি।
বাংলাদেশে খেলার জনপ্রিয় চ্যানেল টি স্পোর্টস ছাড়াও বিটিভি এবং আরও কয়েকটি মাধ্যম আগ্রহ দেখালেও আর্থিক সমঝোতা না হওয়ায় বিষয়টি ঝুলে আছে।
সব মিলিয়ে আসন্ন বিশ্বকাপ বাংলাদেশে টেলিভিশনে দেখা যাবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে ব্যাপক সংশয়।
অন্যদিকে জানা গেছে, বাংলাদেশ ছাড়াও চীন ও ভারতে সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তবে ইতোমধ্যে চীন সেই সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছে, যদিও ভারতের পরিস্থিতি এখনো অনিশ্চিত রয়ে গেছে।