গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার ইজ আল-দীন আল-হাজ্জাজ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। শনিবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি নিউজ।
ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, শুক্রবার গাজা সিটিতে চালানো ভয়াবহ বিমান হামলায় আল-হাজ্জাজ নিহত হন। তাদের ভাষ্য অনুযায়ী, তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন।
তেলআবিবের দেওয়া তথ্য অনুযায়ী, গাজা সিটির আল-মুতাজ এলাকার একটি আবাসিক ভবন লক্ষ্য করে একযোগে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। এতে আল-হাজ্জাজ গুরুতর আহত হন বলে দাবি করা হয়। পরে তাকে একটি গাড়িতে করে সরিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে ইসরায়েল।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত হামাস আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।