আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে গত এপ্রিল মাসে প্রায় ১ কোটি (১০ মিলিয়ন) ব্যারেল তেল রপ্তানি করেছে ইরাক। এমন তথ্য জানিয়েছেন দেশটির নবনিযুক্ত তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ।
শনিবার (১৬ মে) দায়িত্ব গ্রহণের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কৌশলগত এই নৌপথ ব্যবহার করে তেল রপ্তানি অব্যাহত রাখা হয়েছে। একই সঙ্গে উৎপাদন সক্ষমতা বাড়াতে এবং রপ্তানি ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ওপেক-এর সঙ্গে আলোচনা চালানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
তেলমন্ত্রী আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালীর জটিল পরিস্থিতির কারণে রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুদ্ধ-পূর্ব সময়ে যেখানে মাসে প্রায় ৯ কোটি ৩০ লাখ ব্যারেল তেল রপ্তানি হতো, বর্তমানে তা কমে প্রায় ১ কোটি ব্যারেলে নেমে এসেছে।
তিনি জানান, বাগদাদের লক্ষ্য দৈনিক তেল উৎপাদন সক্ষমতা ৫০ লাখ ব্যারেলে উন্নীত করা।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার প্রভাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এর ফলে হরমুজ প্রণালীতে নজরদারি ও বিধিনিষেধ আরও কঠোর হওয়ায় নৌ চলাচলে প্রভাব পড়ছে বলে জানা গেছে।