মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সময় ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের তৈরি ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ। এ তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।
মঙ্গলবার (১২ মে) নিউইয়র্কে ইসরায়েলি রাষ্ট্রীয় মিশনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মাইক ওয়াল্টজ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। সেই সময় ইরানি হামলা প্রতিহত করতে সংযুক্ত আরব আমিরাতকে ‘আয়রন ডোম’ ব্যবহারে সহায়তা দেওয়া হয়, যা ইসরায়েল সরবরাহ করেছিল।
তিনি আরও জানান, সংঘাত চলাকালীন সময়ে এই প্রতিরক্ষা ব্যবস্থা আমিরাতকে ব্যবহার করতে দেখা গেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের এ বক্তব্যের সত্যতা নিশ্চিত করেছে একটি সূত্র।
উল্লেখ্য, বিভিন্ন আরব কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, সংঘাতের সময় ইসরায়েল একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি এবং তা পরিচালনার জন্য সেনা সদস্য সংযুক্ত আরব আমিরাতে পাঠিয়েছিল।