ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১,৫০০ কিলোমিটার দূরে রাশিয়ার ওরেনবুর্গ অঞ্চলের একটি গ্যাস স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাতে দেওয়া এক ভিডিও বার্তায় এ বিষয়ে নিশ্চিত করেন তিনি।আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কি বলেন, সাম্প্রতিক সময়ে রাশিয়ার চালানো হামলার জবাবে এই আক্রমণ করা হয়েছে।
অন্যদিকে, ওরেনবুর্গ অঞ্চলের গভর্নর ইভজেনি সোলন্টসেভ দাবি করেছেন, ইউক্রেনের ছোড়া ৯টি ড্রোন প্রতিরক্ষা বাহিনী ভূপাতিত করেছে। ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষে একটি আবাসিক ভবন, একটি স্কুল এবং একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। তবে এতে কোনো প্রাণহানি হয়নি।
এদিকে, এই ঘটনার কয়েক ঘণ্টা আগে রাশিয়া ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাতভর হামলা চালায়, যেখানে অন্তত ছয়জন নিহত হন বলে জানা গেছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া তিন দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।