পরিচালক সেলিম রেজার নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’ আগামীকাল (১৪ মে) জাগো এন্টারটেইনমেন্টের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
রোমান্টিক ও পারিবারিক গল্পনির্ভর এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল।
নাটকের কাহিনিতে দেখা যাবে, একদিকে বাংলা নাটকের বড় তারকা হওয়ার স্বপ্ন, অন্যদিকে বাবার রেখে যাওয়া ফুলের দোকান সামলানোর দায়িত্ব—এই দুইয়ের টানাপোড়েনে জীবন কাটান নায়ক। একদিন হঠাৎ সেই ফুলের দোকানে ফুল কিনতে আসেন কেয়া পায়েল। প্রথম দেখাতেই তার প্রেমে পড়েন তৌসিফ মাহবুব। সেখান থেকেই এগিয়ে যায় গল্প।
নাটকে আরও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন টুটিয়া ইয়াসমিন পাপিয়া, নিজাম উদ্দিন তামু, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ ও ফারুক আহমেদ।
নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা এলাকার ৩০০ ফুট বনবীথি হাউসে। এতে ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামের একটি গানও রয়েছে।
গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা ও অবন্তী সিঁথি, আর সুর ও সংগীতায়োজন করেছেন কাওসার খান।